রাজধানীর বাড্ডা থানার বাড্ডা বৈশাখী সড়কের একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে মো. জহিরুল ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার ভোরে বৈদ্যুতিক তার কাটতে (চুরি) গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
এদিকে গত শুক্রবার রাতে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর ধলপুর বউবাজার এলাকায় একটি বাড়ির তিনতলার ছাদে খেলা করার সময় নিচে পড়ে রমজান আলী নামে এক কিশোর নিহত হয়েছে। সে স্থানীয় একটি পিতলের কারখানায় কাজ করত বলে জানান রমজানের বোন খুশি আক্তার। বাড্ডা থানার এসআই মো. মেঝবাহ উদ্দিন বলেন, নিহত জহিরুল ইসলাম উত্তর বাড্ডার বাগানবাড়ি এলাকার ইমন মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানিয়েছে, নিহত যুবক বৈদ্যুতিক খুঁটির ওপর উঠে তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।