বাংলাদেশSunday , 06 September 2026
  1. বাংলাদেশ আপডেট

কম দামে ওষুধ বেচায় ফার্মেসি বন্ধ করে দেওয়ার অভিযোগ

ghatbd
April 18, 2026 7:12 am

পটুয়াখালীর কলাপাড়ায় এক অসহায় ভিক্ষুককে মানবিক কারণে কম দামে ওষুধ দেওয়ায় ‘প্রগতি মেডিকেল হল’ নামে একটি ফার্মেসি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক ভিক্ষুক একটি ভিটামিন সিরাপ কিনতে ওই ফার্মেসিতে যান। ওষুধের দাম ৩৫০ টাকা হলেও ওই বৃদ্ধের কাছে পর্যাপ্ত টাকা ছিল না। অসহায়ত্ব বিবেচনা করে ফার্মেসির পরিচালক সুদীপ্ত মাত্র ১০০ টাকায় ওষুধটি তাকে দিয়ে দেন। অভিযোগ রয়েছে, নির্ধারিত দামের চেয়ে অনেক কম মূল্যে ওষুধ বিক্রি করার অপরাধে সমিতির কিছু সদস্য ক্ষুব্ধ হন এবং বিকেলে দোকানটি এক দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন।

তবে এই অভিযোগ অস্বীকার করে সমিতির সভাপতি ইব্রাহিম খলিল দাবি করেছেন, মানবিকতার কারণে নয়, বরং ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে দোকানটি তাদের নিজস্ব সিদ্ধান্তে বন্ধ রাখা হয়েছে।

এদিকে স্থানীয় ক্রেতাদের অভিযোগ, সমিতির সিন্ডিকেটের কারণে ওষুধের ওপর আগের মতো ১০ শতাংশ ছাড় এখন আর পাওয়া যাচ্ছে না। অনেক ব্যবসায়ীও নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সমিতির মাধ্যমে বিভিন্নভাবে জরিমানা ও চাপ সৃষ্টি করে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, কোনো ব্যক্তিগত সংগঠন বা সমিতির এভাবে একটি আইনসম্মত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কোনো আইনি ক্ষমতা নেই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।