বাংলাদেশSaturday , 18 April 2026
  1. বাংলাদেশ আপডেট

জীবননগরে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

ghatbd
April 18, 2026 7:17 am

চুয়াডাঙ্গার জীবননগরে তামাকের খড়ি গোছানোর সময় বজ্রাঘাতে রাসেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের মৃত রেজাউলের ছেলে

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে রাসেল নিজের বাড়ির পাশের জমিতে তামাকের খড়ি (তামাকের শুকনো কাণ্ড) গোছানোর কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাফিসা আনজুম হিমু জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রাসেলকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, বজ্রাঘাতে এক যুবকের মৃত্যুর খবর তারা অবগত আছেন। বর্তমানে নিহতের মরদেহ তার নিজ বাড়িতে রয়েছে।